ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার ঘটনায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে।সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ সেন্ট বেড়ে ৯৮ ডলার ৩৫ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০.৫ শতাংশ বেড়ে হয় ৯১ ডলার ৩০ সেন্ট।এর আগের সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল। করোনাভাইরাস মহামারি শুরুর পর এক সপ্তাহে এত বড় দরপতন আর দেখা যায়নি।
রোববার ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ বন্ধের আলোচনা এগোলে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একই দিন দুই দেশই হরমুজ প্রণালির ভেতরে বা আশপাশে জাহাজে হামলার খবর জানিয়েছে।ভারতের গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবা বলেন, কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হলেও ভূরাজনৈতিক ঝুঁকি এখনো অনেক বেশি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত বড় ধরনের সামরিক অভিযানের কোনো লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে, ইরান জানিয়েছে, হামলা হলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে।
এদিকে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতিরা দাবি করেছে, রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়ে হামলা চালিয়েছে তারা। এতে ভবনটির জানালা ভেঙে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স