মা শ্রীদেবীকে হারানোর শোক আজও অভিনেত্রী জাহ্নবি কাপুরের জীবনের অন্যতম যন্ত্রণাদায়ক অধ্যায়। সেই কঠিন সময়ে তার পাশে ছিলেন প্রেমিক শিখর পাহাড়িয়া। তখনো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। তবুও জানভির দুঃসময়ে পাশে থাকতে পড়াশোনার মাঝেই লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরে এসেছিলেন শিখর। করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আসন্ন পর্বে সেই স্মৃতিই ভাগ করে নেবেন এই অভিনেত্রী।২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে বাথটবে দুর্ঘটনাবশত মারা যান অভিনেত্রী শ্রীদেবী। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা চলচ্চিত্র জগৎ। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন জাহ্নবি ও তার বোন খুশি কাপুর। সেই সময় জানভির পাশে শিখর যেভাবে দাঁড়িয়েছিলেন, তা আজও অভিনেত্রীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।কফি উইথ করণ’-এর আসন্ন পর্বে সেই প্রসঙ্গ তুলবেন উপস্থাপক করণ জোহর। জাহ্নবি জানান, শ্রীদেবীর মৃত্যুর সময় শিখর লন্ডনে পড়াশোনা করছিলেন। কিন্তু জানভির পাশে থাকার জন্য মাঝ সেমেস্টারে পড়াশোনায় বিরতি দিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। পরে জানভি জানতে পারেন, প্রায় এক মাস জুহুতে এক বন্ধুর বাড়িতে থেকেছিলেন শিখর, যাতে প্রয়োজনে তার পাশে থাকতে পারেন।
জাহ্নবির কথায়, এমন নয় যে প্রতিদিন ওর সঙ্গে আমার দেখা হত। কিন্তু পরে জানতে পারি, ও বলেছিল, ‘যদি কোনো সময় ওর আমাকে প্রয়োজন হয়, তাই আমি শুধু ওর আশপাশে থাকতে চাই।’
শিখরের সঙ্গে সম্পর্ক নিয়েও একাধিকবার মুখ খুলেছেন জাহ্নবি। চলতি বছরের এপ্রিলে রাজ শামানির পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, শিখরের উপস্থিতি তাকে মানসিক নিরাপত্তা দেয়। তার মতে, ভালোবাসা তাকে নিজের ভাবনাকে বিশ্বাস করতে, নিজের মতামত প্রকাশ করতে এবং দুর্বল মুহূর্তেও স্বচ্ছন্দ থাকতে সাহায্য করেছে।এর আগে মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবি জানিয়েছিলেন, ১৫-১৬ বছর বয়স থেকেই শিখর তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তারা একে অপরের ভরসা হয়ে উঠেছেন বলেও জানান অভিনেত্রী।
‘কফি উইথ করণ’-এর নবম সিজনের আসন্ন পর্বে জানভির সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকেও। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই পর্বটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস