ইরান কর্তৃক হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত হুইটেকার জানান, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে ইরান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে এবং তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে।তিনি স্পষ্ট করে বলেন, বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পুনরুদ্ধার বা ভাবমূর্তি উজ্জ্বল করতে ইরানের দেওয়া এমন আংশিক বা অলীক প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না।
বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং তা নিয়ে জনগণের উদ্বেগ প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অনুকূলে এই সংকটের সমাধান হলে বাজারে প্রচুর পরিমাণে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বাজারের সুবিধার্থে খুব দ্রুতই এই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।