• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম? মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধিদল

chobbishghanta
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্পোর্টস রিপোর্টার:

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন ইসিবির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সদস্যরা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি মাঠের সুযোগ-সুবিধা, সম্প্রচার ও মিডিয়া ব্যবস্থা, মেডিক্যাল সুবিধা, দর্শকদের জন্য থাকা ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তারা।

ইংল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধিদল সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেনি। তবে তাদের সন্তুষ্টির কথা জানিয়ে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। তাদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখানো হয়েছে। স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বসুন্ধরা এলাকার এই ক্রীড়া স্থাপনার সুযোগ-সুবিধা অসাধারণ। সবকিছু ঘুরে দেখে ইংল্যান্ডের প্রতিনিধিদল সন্তুষ্ট হয়েছে, বরং তাদের প্রতিক্রিয়ায় অভিভূত হওয়ার বিষয়টিও প্রকাশ পেয়েছে।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সামগ্রিক অবকাঠামো সম্পর্কে সৈয়দ আব্দুল বাতেন আরও বলেন, মাঠ থেকে ড্রেসিংরুম, সম্প্রচার ও মিডিয়া সুবিধা, মেডিক্যাল সেবা, দর্শক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা—সবকিছুই প্রতিনিধিদল খুঁটিয়ে দেখেছে। এ ধরনের সমন্বিত সুযোগ-সুবিধা দেশের সব ভেন্যুতে পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

ইসিবির ইতিবাচক মূল্যায়নে আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিদল ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেছে। দেশে ফিরে তারা নিজস্ব বোর্ডের কাছে বিস্তারিত প্রতিবেদন দেবে বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত—এমনটাই মনে হয়েছে।

ইমরুল হাসান আরও বলেন, নির্ধারিত সময়ে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

২০২৭ সালের বাংলাদেশ সফরে ইংল্যান্ড দল তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। মূল সিরিজ শুরুর আগে জো রুট, হ্যারি ব্রুক ও জাফরা আর্চারদের নিয়ে গঠিত ইংল্যান্ড দলের একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য স্টেডিয়ামটির অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরার আরও একটি সুযোগ তৈরি হয়েছে।

সবকিছু চূড়ান্ত হলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আনভীর ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে নিজেদের সক্ষমতা আরও একবার প্রদর্শনের সুযোগ পাবে।


এই ক্যাটেগরির আরও খবর