রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করবে চীন।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বেশ কিছু খাতে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ রয়েছে, তা ধারাবাহিকভাবে বাড়ানোর আশ্বাস দিয়েছে চীন।এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে চায় চীন। এছাড়া বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনাসহ বেশ কিছু খাতে বিনিয়োগে চীন আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত।