মো: সাইফুর রহমান:
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে টেকসই শিল্পভিত্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশকে একটি আকর্ষণীয় Business Hub হিসেবে রূপান্তরের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, শিল্প-বাণিজ্য সহজীকরণ (Ease of Doing Business), বহুমুখী পণ্য রপ্তানি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রাজস্ব বৃদ্ধি—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
এ লক্ষ্যে অর্থনীতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট গবেষক, অভিজ্ঞ উদ্যোক্তা এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন নির্বাহী কমিটি বা কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এ কমিটি দেশের বিদ্যমান শিল্প, বাণিজ্য, রপ্তানি, রাজস্বনীতি ও সেবাখাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত ও সহজে বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়ন করবে। পাশাপাশি বাজারের চাহিদা ও বিনিয়োগ সম্ভাবনা বিবেচনায় নিয়ে খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সরকারের কাছে নীতিগত পরামর্শ উপস্থাপন করবে।
সংশ্লিষ্টদের মতে, কার্যকর নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লেখক:মো: সাইফুর রহমান, চেয়ারম্যান, এস কে বি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড।